
বরিশালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম
স্টাফ রিপোর্টার,
বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকার বাসু মিয়ার গলিতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাট ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় ভূমিদস্যু ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় মোঃ কিবরিয়া খান নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ওয়ারিশি সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আহত কিবরিয়া খানের আপন চাচাতো ভাই মিজান ও তার বিভিন্ন ওয়ারিশদের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছিলেন স্থানীয় একটি চক্র । ওই বিতর্কিত জমিতে বর্তমানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা (স্টে-অর্ডার) বলবৎ রয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ড্রেজার নিয়ে অবৈধভাবে বালু ভরাট শুরু করে জমিটি দখলের চেষ্টা চালানো হয়। এ সময় কিবরিয়া খান জানতে গেলে স্থানীয় ভূমিদস্যু ও ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ উঠেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও স্থানীয় সন্ত্রাসী ইমনের নেতৃত্বে ঈশান, সীমান্ত, অপু, সান ইমন,শাকিল, শান্ত, রিফাতসহ ১৫-২০ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। সন্ত্রাসীরা কিবরিয়া খানকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ইমনের নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অবৈধ দখল বাণিজ্য ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এ বিষয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

